যেখান থেকে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেবে ইরান

অনলাইন ডেস্ক: শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেবে ইরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়ে এক্সে এক পোস্টে ইব্রাহিম রেজাই বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে আমাদের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা শত্রুর সব ঘাঁটি এবং যেখান থেকেই হামলা চালানো হবে, সেই উৎসের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেব।


ইরানের শীর্ষ নেতৃত্ব দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো হামলার বিরুদ্ধে সতর্ক করে বলেছে, এর জবাবে তারা পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে থাকা তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে।

রেজাই এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র মনে করে, তারা ইরানের ওপর দ্রুত ও ধ্বংসাত্মক আঘাত হানতে পারবে এবং ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে। তিনি বলেন, এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ট্রাম্পের কানে ফিসফিস করে দেওয়া একটি ভ্রান্ত ধারণা।


রেজাই আরও বলেন, ইরানের ওপর হামলা চালানো হলে আমরা পুরো অঞ্চল এবং এর স্থাপনাগুলোকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়াই আপনাদের জন্য শ্রেয়।

Related Articles

Back to top button