রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দিয়েছে দলটির স্থায়ী কমিটি।
গতকাল শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের কাছে এই দায়িত্ব ন্যস্ত করা হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে আলোচনা ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। এ ছাড়া দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।
বৈঠকে সালাহউদ্দিন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




