৩০০ কোট ১০০ কামিজসহ সাইফুজ্জামানের ফ্ল্যাটে আরও যা পাওয়া গেল

অনলাইন ডেস্ক: দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী ও মূল্যবান ব্র্যান্ডের পণ্যের সন্ধান পেয়েছে সংস্থাটি। গতকাল রোববার (১৯ জুলাই) সকালে দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম আদালতের আদেশে এই অভিযান ও ইনভেন্টরির কাজ শুরু করে।

অভিযানে উদ্ধার হওয়া পণ্যের তালিকায় রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই এবং প্রায় ১০০টি কামিজ। এছাড়া ফ্ল্যাট থেকে ৩ সেট মুক্তার গয়না এবং ৮টি ঘড়ির বক্স পাওয়া গেছে, যার মধ্যে ৪টিই অত্যন্ত দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। নথিপত্র অনুযায়ী, প্রতিটি রোলেক্স ঘড়ির দাম ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত। সেই সাথে ৪টি ঝাড়বাতিসহ বিভিন্ন আসবাবপত্রও উদ্ধার করা হয়েছে।

আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুটি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদক পরিচালককে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া পরিচালনার জন্য গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইনভেন্টরির কাজ অত্যন্ত বিস্তৃত হওয়ায় রোববার শুরু হওয়া এই কার্যক্রম আগামীকাল সোমবারও চলমান থাকবে বলে জানিয়েছে দুদক।

ক্ষমতার পট পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান জোরদার করে দুদক। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে থাকা তার ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন আদালত। এছাড়া ১৩ জানুয়ারি আরব আমিরাতসহ আট দেশে থাকা তার প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা মূল্যের বাড়ি, ফ্ল্যাট ও বিনিয়োগ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে একাধিক মামলা চলমান রয়েছে।

Related Articles

Back to top button