‘আর্জেন্টিনা ভাগ্যের জোরে ফাইনাল খেলছে’

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে দুই ফাইনালিস্টকে ঘিরে আলোচনা তুঙ্গে। এই আবহে স্পেনকেই শিরোপার সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে দেখছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার মাইকেল ওয়েন। তার মূল্যায়নে, পুরো টুর্নামেন্টে স্পেনের ফুটবল ছিল আর্জেন্টিনার তুলনায় অনেক বেশি পরিপূর্ণ ও ধারাবাহিক।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েন বলেন, ‘আর্জেন্টিনা ফাইনালে উঠলেও পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না। আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত আসার পথে কিছুটা ভাগ্যবান ছিল। কেপ ভার্দের বিপক্ষে তারা কঠিন পরীক্ষায় পড়েছিল, মিশরের বিপক্ষেও ভুগেছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতেছে। আমার মনে হয়, ওরা আমাদের হারিয়ে নয়, বরং আমরা নিজেরাই ম্যাচটা হাতছাড়া করেছি। পুরো টুর্নামেন্টে তাদের খুব একটা দারুণ মনে হয়নি।’
স্পেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন সাবেক এই স্ট্রাইকার বলেন, ‘স্পেন সত্যিই দুর্দান্ত খেলছে। ফ্রান্সের বিপক্ষে তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। এত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যেভাবে তারা খেলেছে, সেটি ছিল বিশ্বমানের ফুটবল।’
ফাইনালের সম্ভাব্য ফল নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ওয়েন। তিনি বলেন, তার দৃষ্টিতে স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক ভালো দল এবং তারাই বিশ্বকাপ জয়ের সবচেয়ে যোগ্য দাবিদার।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিদায় নিয়েও হতাশা প্রকাশ করেন সাবেক লিভারপুল ও রিয়াল মাদ্রিদ তারকা। তিনি বলেন, ‘এক ঘণ্টা পর্যন্ত আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম। ১-০ ব্যবধানে এগিয়ে ছিলাম। আগের রাতে স্পেন কীভাবে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও নিজেদের খেলা চালিয়ে গেছে, সেটা আমাদের দেখা উচিত ছিল। কিন্তু আমরা ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে পড়ি।’
ইংল্যান্ডের কোচের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন ওয়েন। তার মতে, আক্রমণভাগের খেলোয়াড়দের তুলে অতিরিক্ত ডিফেন্ডার নামানোর সিদ্ধান্তে ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের হাতে চলে যায়।
আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের আগে মাইকেল ওয়েনের এই মন্তব্য ইতোমধ্যেই দুই দলের সমর্থকদের মধ্যে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।



