২৬ কার্যদিবসে শেষ হলো বাজেট অধিবেশন, পাস ১০ বিল

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস চলার পর সমাপ্ত হয়েছে। এর মধ্যে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবস। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী এই আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য। এছাড়া অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি সংক্রান্ত ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই অধিবেশনের সমাপ্তি টানেন। 

সংসদ সচিবালয় জানায়, চলতি অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে এবং পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সংসদের কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী এই অধিবেশনে ৭১৫টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। অন্যদিকে, ১৩১ বিধি অনুযায়ী ৪টি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা ও তা নিষ্পত্তি করা হয়েছে।

অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। 

অপরদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়েছিল, যার মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Back to top button