এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা ও জনজীবনের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দক্ষিণাঞ্চলের চলমান ‘জুলাই পদযাত্রা’ সাময়িকভাবে স্থগিত করেছে। আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত এই কর্মসূচি বন্ধ থাকবে।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) মানবিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। ফলে ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদরে পূর্বনির্ধারিত পদযাত্রা আপাতত অনুষ্ঠিত হবে না।
এনসিপি সূত্র জানিয়েছে, স্থগিত হওয়া কর্মসূচিগুলো পরবর্তীতে সমন্বয় করে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।
তবে আগামী ১৯ জুলাই (রোববার) থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। ওই দিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৫ জুলাই (বুধবার) বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদরে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।




