সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন

অনলাইন ডেস্ক: সাভারে ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটায়। মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে, এই বিস্ফোরণে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।




