ভিয়েতনামে সেরা ছবির পুরস্কার জিতল বাংলাদেশের ‘রইদ’

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’। ভিয়েতনামের চতুর্থ ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক (ক্রিটিকস) বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা।

এশীয় চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর শুরু হয় গত ২৭ জুন। শনিবার (৪ জুলাই) উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সমালোচক বিভাগে সেরা ছবির স্বীকৃতি পায় বাংলাদেশের ‘রইদ’।

পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, এই স্বীকৃতি তাকে ভীষণ সম্মানিত করেছে। উৎসব কর্তৃপক্ষ তাদের অঞ্চলের গল্পকে গুরুত্ব দিয়ে ‘রইদ’কে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে ছবিটিকে এই সম্মান দেওয়ার জন্য জুরি বোর্ডের প্রতিও ধন্যবাদ প্রকাশ করেন।

এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছিল সিনেমাটি। যদিও সেখানে কোনো পুরস্কার জিততে পারেনি।

দেশেও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘রইদ’। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি এখনও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও প্রদর্শনীতেও অংশ নিচ্ছে এটি।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আহসাবুল ইয়ামিন রিয়াদ এবং গাজী রাকায়েত।

Related Articles

Back to top button