পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই গায়ক শেখ সাদী বিয়ে করেছেন, পাত্রী কে

অনলাইন ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। গত শুক্রবার পারিবারিক আয়োজনে তার আংটিবদল হয়েছে। এই গায়ক বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আংটিবদলের সিদ্ধান্তটি যে পরিকল্পিত ছিল না, সেটিও উল্লেখ করেন তিনি।

গতকাল শনিবার সন্ধ্যায় শেখ সাদী বলেন,‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তারা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তার সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’

পারিবারিক সূত্রে জানা যায়, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার রাজধানীর শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আংটিবদলের আয়োজন। 

কয়েক বছর আগে সংগীতজগতে পথচলা শুরু করেন শেখ সাদী। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার একাধিক গান তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে তিনি গড়ে তোলেন নিজস্ব শ্রোতাগোষ্ঠী। তার বেশ কয়েকটি গান কোটি কোটিবার শোনা হয়েছে বিভিন্ন মাধ্যমে।

‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা তরুণ এই সংগীতশিল্পীকে মাঝে অভিনয়েও পাওয়া গেছে। ‘শহরের নতুন অতিথি’ নামের এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাদী। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগও আসে তাঁর কাছে। সেই ছবির শুটিং এক দিন করেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন তিনি।

Related Articles

Back to top button