পুকুরে গোসলে গিয়ে কিশোরের মৃত্যু, হাসপাতালে লাশ রেখে পালাল বন্ধুরা

অনলাইন ডেস্ক: গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সঙ্গে যাওয়া দুই বন্ধু তাকে পানিতে চুবিয়ে হত্যা করে অচেতন অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিনসিংহা গ্রাম থেকে নিহত রায়হান মিয়ার (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়হান ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, ওই দিন বিকেলে রায়হান তার দুই বন্ধু সাকিব ও রিফাতের সঙ্গে এলাকার হাওয়া দিঘির মোড়সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে শুরু করেন। কিছুক্ষণ পরেই খবর আসে, রায়হানকে অচেতন অবস্থায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পৌঁছে পরিজনরা রায়হানের মরদেহ দেখতে পান।

রায়হানের পরিবারের অভিযোগ, গোসলের সময় সাকিব ও রিফাত ইচ্ছাকৃতভাবে তাকে পানিতে চুবিয়ে হত্যা করে। পরে দায় এড়াতে তারা রায়হানের নিথর দেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়। ঘটনার পর অভিযুক্ত ওই দুই কিশোর এবং তাদের পরিবারের সদস্যরাও এলাকা ছেড়ে চলে গেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত দুই বন্ধু ও তাদের পরিবার পলাতক থাকায় মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Related Articles

Back to top button