স্টেডিয়ামের গ্যালারিতে ছাউনি, টয়লেট সংস্কারসহ নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) সভায় সবচেয়ে উল্লেখযোগ্য ও ব্যয়বহুল পদক্ষেপটি হলো শের-ই-বাংলা স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ ও জিমনেসিয়ামের আধুনিকায়ন। এই প্রকল্পের বাজেট অনুমোদন হয়েছে।

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির দর্শকদের অনেক সময় দুর্ভোগ পোহাতে হয় রোদ-বৃষ্টি-ঝড়ে। গ্যালারির এই প্রান্তে যে ওপরে ছাউনি নেই! দর্শকদের সেই কষ্ট অবশেষে দূর হতে চলেছে। গ্যালারির এই অংশে প্রথমবারের মতো বসছে ছাউনি। তাতে স্টেডিয়ামের কোনো অংশ আর ছাউনিবিহীন থাকছে না।

একই সভায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) একটি সুইমিং পুল নির্মাণ এবং জিমনেসিয়াম সুবিধা উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় অনুমোদন করেছে বোর্ড। 

মিরপুরে যে জিম এখন ব্যবহার করেন ক্রিকেটাররা, সেটি বেশ পুরোনো হয়ে গেছে এবং আধুনিক সময়ের থেকে অনেক পিছিয়ে আছে। সুইমিং পুল নির্মাণের ভাবনা বিসিবির অনেক বছরের, কিন্তু সেটি বাস্তবায়নের কোনো প্রক্রিয়াই শুরু হয়নি। বিভিন্ন সিরিজে বা ক্যাম্পের সময় পাঁচ তারকা হোটেলে সাঁতারের ব্যবস্থা করা হয়।

কিছুদিন আগে তামিম বলেছিলেন, এবার জিম ও সুইমিংপুল হবে সর্বাধুনিক।

এর আগে, গত মাসে পাকিস্তানকে টেস্ট সিরিজের হোয়াইটওয়াশ করায় যে যে বোনাস পাওয়ার কথা ছিল ক্রিকেটারদের, সেই অর্থ তারা উপহার দিয়েছেন এই প্রকল্পের জন্য। যদিও সেটি ব্যয়ের সামান্য একটু অংশ।

জানা যায়, জাতীয় দলের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি টিম বাস কেনার সিদ্ধান্তও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। একইসঙ্গে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button