তরমুজ লুটে অভিযুক্ত সেই উপ-খাদ্য পরিদর্শক সাইবার মামলায় কারাগারে

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর বাউফলে মো. অলিউল্লাহ (৪৪) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া উপ-খাদ্য পরিদর্শককে সাইবার সুরক্ষা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (২০ মে) বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মো. অলিউল্লাহ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা।
তিনি মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে কৃষকের তরমুজ লুট ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ২৬ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ওই ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
থানা ও আদালত সূত্রে জানা গেছে, আবু সাঈদ ইছা ওরফে শরীফ তালুকদার নামের এক ব্যক্তি তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য, গালাগাল ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ এনে গত ১৪ মে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজুর নির্দেশ দেন এবং তদন্তের দায়িত্ব বাউফল থানার ওসিকে নির্দেশ দেন।
পরে আদালতের নির্দেশে বাউফল থানা সাইবার সুরক্ষা আইনের ১৭, ২৫ ও ৩০ ধারায় মামলা রুজু করে। মামলাটির নম্বর ৩৫। বাদী পক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বলেন, অলিউল্লাহ আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। গত মঙ্গলবার পটুয়াখালীর আদালতে আসামি হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



