স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী সুবাহর বিস্ফোরক অভিযোগ

অনলাইন ডেস্ক: বর্তমানে ব্যক্তিগত জীবন ও দাম্পত্য কলহের কারণে আলোচনায় রয়েছেন মডেল ও চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সম্প্রতি তিনি গোপনে বিয়ের খবর প্রকাশ করলেও, বিয়ের মাত্র এক সপ্তাহের মাথায় স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও মানসিক নির্যাতনের বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

গতকাল শনিবার (১৬ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেত্রী। তবে এই পোস্ট দেওয়ার ১৩ ঘন্টা পর রোববার (১৭ মে) দুপুর ১টা ৩১ মিনিটে আরও একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘সুইসাইড করে যদি পরকাল পাওয়া যেত, তাহলে এখন আমি সুইসাইড করতাম।’

এর আগে, শনিবার রাতে দেওয়া পোস্টে মডেল সুবাহ লেখেন, ‘আজ খুব ভারী মন নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। আমার স্বামী হাসানের আগেও একটি বিয়ে হয়েছিল, যা বিচ্ছেদে শেষ হয়। এখনো সে পরকীয়া করছে আমাকে বিয়ে করেও!!’

অভিনেত্রীর ধারণা, শুধু তিনিই নন, আগের স্ত্রীও এসব পরিস্থিতি সহ্য করতে না পেরে সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার হাজব্যান্ড আরও বিয়ে করবে ৩/৪টা তাই আমার সঙ্গেও এমন শুরু করেছে।’

নিজের পরিস্থিতি জানাতে গিয়ে এ চিত্রনায়িকা পোস্টে লিখেন, ‘সুন্দর সংসারের আশায় আমি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকে আমি দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অপমান, ভয়ভীতি ও ইমোশনাল অ্যাবিউজের মধ্যে আছি।’

সুবাহ বলেন, ‘বারবার এমন পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে যেন অন্যায় দেখেও চুপ থাকি, না হয় নিজেই সম্পর্ক ছেড়ে চলে যাই।’ অতীত নিয়ে অপমান এবং অন্য নারীদের কেন্দ্র করে খারাপ আচরণ ও তাদের সঙ্গে স্বামীর সম্পর্কের বিষয়গুলো প্রতিনিয়ত তাকে মানসিকভাবে ভেঙে ফেলছে বলেও উল্লেখ করেন পোস্টে।

তিনি বলেন, ‘আমি যখন আমাদের বিয়ের বিষয় প্রকাশ করি, তখন থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। নানা ধরনের থ্রেট, প্রেসার ও মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেন আমি নিজে থেকেই ডিভোর্স দিয়ে চুপ হয়ে যাই।’

আলোচিত এ মডেল পোস্টে বলেন, ‘তার কাছে অনেক কিছুর প্রমাণ রয়েছে, যা সময় হলে ধীরে ধীরে প্রকাশ করবেন।’

Related Articles

Back to top button