লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক: ফরিদপুরের সালথায় লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে আজিজুল মোল্লা (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল মোল্লা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে আজিজুল মোল্লার বাগান থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সীর সঙ্গে বাগান মালিকের ছেলে আকরাম মোল্লার বিরোধ সৃষ্টি হয়। এ সময় আকরাম মোল্লাকে মারধর করা হয়।

পরে সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে গিয়ে ছেলে মারধরের কারণ জানতে চাইলে আজিজুল মোল্লার সঙ্গে অভিযুক্তদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাকিল, তুষারসহ তাদের পরিবারের সদস্যরা তার ওপর হামলা চালায়। এ সময় বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় আজিজুল মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Related Articles

Back to top button