ডোনাল্ড ট্রাম্প চীনে যেতে পারলে আমরা যেতেই পারি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে চীনে যাবেন, তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সুবিধাজনক সময়ে আলাপ-আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

গতকাল সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, `এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কোন দিন যাবেন। অবশ্যই তিনি একজন আঞ্চলিক অংশীদারের কাছে দ্বিপাক্ষিক সফরে যাবেন। কোন দিন যাবেন এটা এখনো নির্ধারিত হয়নি।’

চীনকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, `যদি প্রেসিডেন্ট ট্রাম্প যেতে পারেন সামনের সপ্তাহে, সেখানে তো আমরা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যেতেই পারি।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি চীনে দ্বিপাক্ষিক সফর করেছেন। সফরসঙ্গী হিসেবে হুমায়ুন কবিরও সেই সফরে ছিলেন। ওই সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, `অত্যন্ত ফলপ্রসূ সফর। ইতিবাচক আলাপ-আলোচনা হয়েছে। ভালো সফর ছিল।’ তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ-চীন সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, `চীন আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের সম্পর্ক আরও জোরদার করব।’ তিনি বলেন, অতীতে অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের আমলেও বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্ক অনেক সময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার মতে, এখন দুই দেশের সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছে।

Related Articles

Back to top button