পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক: দেশে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে একগুচ্ছ নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা প্রবর্তন এবং অবসরকালীন সময়ে বিশেষ পদোন্নতির সুযোগ। গতকাল রোববার (১০ মে) রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানানো হয়।

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনের পর কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কনস্টেবল থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পর্যন্ত যেসব সদস্য অতিরিক্ত সময় দায়িত্ব পালন করবেন, তাদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতার ব্যবস্থা করার পরিকল্পনা করছে সরকার।

পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় হাসপাতালগুলোকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া উন্নত স্বাস্থ্য পরীক্ষার জন্য নতুন ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দীর্ঘদিন একই পদে কর্মরত থেকে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে ‘অনারারি পদোন্নতি’র ঘোষণা দেওয়া হয়েছে। সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে কনস্টেবল থেকে অনারারি এএসআই। এএসআই থেকে অনারারি এসআই। এসআই থেকে অনারারি পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হবে।

এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের আবাসন সংকট নিরসনে ভূমি অধিগ্রহণ এবং নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হচ্ছে বলে সভায় জানানো হয়।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের পুলিশ সপ্তাহ আগামী ১৩ মে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পুলিশের পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এই পুলিশ সপ্তাহ বাহিনীর সদস্যদের জন্য নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ওভারটাইম ভাতার বিষয়টি দীর্ঘদিনের দাবি হওয়ায় সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে এটি ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

Related Articles

Back to top button