তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে হত্যাসহ তিনটি মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তারের পর কারাগারে থাকা এই সাবেক মন্ত্রী মঙ্গলবার বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি শেখ আবু তাহেরের হাই কোর্ট বেঞ্চের আদেশে জামিন পান।

আদালতে সুজনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, ‘তিনটি হত্যা মামলায় আজকে জামিন পেয়েছেন।’

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে তার স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৯৮ জনকে আসামি করা হয়।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরদিন সকালে যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে ওই মামলায় আগে থেকেই হাই কোর্টে জামিন আবেদন বিচারাধীন থাকায় একই দিন রিমান্ড আদেশ বাতিল হয়ে যায়।

এরপর হত্যা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। বিচারক শাহীন রেজা গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করলেও রিমান্ড না দিয়ে সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Related Articles

Back to top button