রাজনৈতিক সংকটের কোনো ‘সামরিক সমাধান’নেই: আব্বাস আরাগচি

অনলাইন ডেস্ক: রাজনৈতিক সংকটের কোনো সমাধান সামরিক উপায়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিই এ বাস্তবতা স্পষ্ট করে তুলেছে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন,‘পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে, তখন অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। একই কথা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্ষেত্রেও প্রযোজ্য।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলকে (অচল অবস্থা) পরিণত হয়েছে।’
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে সোমবার সকাল থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। তবে এই উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে এর বিরোধিতা ও প্রতিরোধের ঘোষণা দিয়েছে ইরান।
সূত্র: আল জাজিরা




