বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত

অনলাইন ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় সড়কে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে স্থানীয়দের হাতে গণপিটুনিতে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চালকের দুই সহযোগী। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম হান্নান (৪৫)। তিনি জেলার বোয়ালমারী উপজেলায় সাতৈর এলাকার বাসিন্দা। আহতরা হলেন, চালকের সহযোগী নাঈম (২২) ও আল-আমিনকে (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে একটি ট্রাক দ্রুত গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে যাচ্ছিল। ট্রাকটির অস্বাভাবিক গতি দেখে এলাকাবাসী সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ তিন জনকে গণপিটুনি দেয়, এতে তারা গুরুতর আহত হন। একই সঙ্গে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে ভাঙচুর চালায়। 

খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের দাবি, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে আসছিল। এতে অন্তত ২০ জন পথচারী আহত হয়েছেন। পরে বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক হান্নান (৪৫), হেলপার নাঈম (২২) ও আল-আমিনকে (২৫) স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত তিন জনকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক হান্নানকে মৃত ঘোষণা করেন। অপর দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই স্থানীয়রা চালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল।’ তিনি আরও জানান, আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button