ইরান ইস্যুতে শফিকুর রহমানের বক্তব্যের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

অনলাইন ডেস্ক: ইরান ইস্যুতে সংসদে দেওয়া ডা. শফিকুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সংসদে ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছিলেন, “বন্ধুরাষ্ট্র কেন বলছে, দুঃসময়ে বাংলাদেশকে পাশে পায়নি?”—এ বক্তব্যের পর শুক্রবার (১ মে) আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, চলমান উপসাগরীয় পরিস্থিতিতে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক নীতি অনুসরণ করছে, যা সংশ্লিষ্ট দেশগুলো ইতিবাচকভাবে দেখছে। উদাহরণ হিসেবে বলা হয়, বাংলাদেশে থাকা ইরানের দূতাবাস এক বিবৃতিতে বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করেছে।
একই সঙ্গে ওই বিবৃতিতে গণমাধ্যমে বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার নিয়ে অসন্তোষও প্রকাশ করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
এছাড়া, গত ২৩ এপ্রিল ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।




