প্রতিবন্ধী তরুণীকে দলবেঁধে ধর্ষণ, হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেত থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে রাতভর গণধর্ষনের শিকার হয়েছে মানসিক ভারসাম্যহীন এক তরুণী। রাতভর নির্যাতনের পর তার হাত-পা বেঁধে ফেলে রাখা হয় ধানক্ষেতে।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় ওই তরুণীকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই সড়ক দিয়ে চলাফেরা করতো সে। পরিবারের লোকজনের ধারনা ছিল বৃষ্টির মধ্যে রুমেই অবস্থান করছে। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে। রাতভর নির্যাতনের পর দুষ্কৃতকারীরা ফেলে যায় মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে। পরে বাড়ি থেকে কাপড় এনে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনার পর তরুণীর চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। লোকজন দেখে ভয় পাচ্ছে সে। চোখে টলমল করছে পানি।
তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সবাই ভালোবাসতো। তার সাথে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছে না। মাদকসেবীরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তি দাবি করেছেন তারা।
ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।



