সুযোগ পেলে ওপেন করতে চান হৃদয়

অনলাইন ডেস্ক: হৃদয়, ইমন ও শামীমের ঝড়ো ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গতকাল কিছুটা ব্যতিক্রমী ও আক্রমণাত্মকভাবে খেলেছেন টাইগার ব্যাটাররা, যা মন কেড়েছে সবার। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ইনিংস নিয়ে কথা বলেন তাওহীদ হৃদয়। জানিয়েছেন, দলের পরিস্থিতি বুঝে খেলেছেন তিনি। বলেন, ‘টিম যে পরিস্থিতিতে যা চাচ্ছিল, সে অনুযায়ী খেলার চেষ্টা করেছি। তখন রান দরকার ছিল, একটু কম হয়ে গিয়েছিল। আমার পরিকল্পনা ছিল আক্রমণ করা। কারণ ঐ সময় অ্যাটাক না করতে পারলে দলের জন্য ম্যাচটা কঠিন হয়ে যেত।’
টি-টোয়েন্টি ফরম্যাটে সাধারণত ছয় বা সাত নম্বরে ব্যাট করতে দেখা যায় হৃদয়কে। তবে গতকাল চার নম্বরে ব্যাট করে খেলেন ম্যাচজয়ী ইনিংস। নিয়মিত উপরের দিকে ব্যাট করার প্রসঙ্গে তিনি বলেন, ‘চার নম্বরে খেলার ইচ্ছা তো থাকেই। তবে সব সময় সেটা সম্ভব হয় না। কারণ দলটা তো শুধু আমার নয়, এটা টিম গেম। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যদি সাত, আট বা নয় নম্বরে ব্যাট করতে বলা হয়, আমি করব। জাতীয় দলে সাত নম্বর পর্যন্ত খেলার অভিজ্ঞতা আছে, ওপেনিং ছাড়া। আশা করি, সুযোগ পেলে ওপেনেও ব্যাট করতে পারব, ইনশাআল্লাহ।’
নিজের এমন ঝড়ো ইনিংসের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে হৃদয় বলেন, ‘আমার কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় ছিল আমরা কোনো চাপ নিইনি। বাইরে থেকেও মনে হয়নি আমরা চাপে আছি। এভাবে ম্যাচ জিততে পারলে দলের জন্য ভালো, আর খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়ে।’
ইনিংসের শেষ দিকে শামীম পাটোয়ারী দারুণ সঙ্গ দেন হৃদয়কে। শামীমের ১৩ বলে ৩১ রানের ইনিংস নিয়ে হৃদয় বলেন, ‘আমার কাছে মনে হয়, শামীমের এই ইনিংসটা একটি ফিফটির চেয়েও গুরুত্বপূর্ণ।’
এ দিকে ম্যাচ জয়ের পর অধিনায়ক লিটন কুমার দাস প্রশংসায় ভাসান পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারীকে। তিনি বলেন, ‘এই মাঠে ১৮০ রানের বেশি বড় সংগ্রহ। উইকেট সহজ ছিল না, কিছুটা ধীর ছিল। তবে মাঝের ওভারে যেভাবে ইমন, হৃদয় ও শামীম ব্যাট করেছে, তাতেই ম্যাচ আমাদের দিকে চলে এসেছে।’




