আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। গতকাল সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ তথ্য জানান।

বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী।

তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, ছয় দফা, গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির লঙ্ঘন।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ। কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।

আবেদনে কক্সবাজার জেলা আইনজীবীদের স্বাক্ষর। ছবি: কক্সবাজার প্রতিনিধি

আইনজীবীরা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই তারা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

Related Articles

Back to top button