ডিনারে গুলির ঘটনায় ইরান জড়িত নয়: ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক: ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী একাই হামলার চেষ্টা করেছে, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় গতকাল শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি বন্দুক হামলা চালায়। 

ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি ছিল সম্ভাব্য আততায়ী এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। এমনকি ওই ব্যক্তি সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

ঘটনার সময় সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, এ ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় তিনি বেঁচে গেছেন। তিনি বলেন, “আজ রাতে যা ঘটেছে আমরা তা খতিয়ে দেখেছি। আমি বলব, এই ভবন খুব একটা নিরাপদ নয়।”

তিনি জানান, আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করা হবে। পাশাপাশি পরিস্থিতি কাভার করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, এই ঘটনা ফার্স্ট লেডির জন্য অত্যন্ত ট্রমাটিক ছিল। শুরুতে অনুষ্ঠানস্থলে থাকতে চাইলেও নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে সরে যেতে বলা হয়।

Related Articles

Back to top button