যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের বাড়িতে শোকের মাতম

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) গ্রামের বাড়িতে চলছে মাতম। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকায়।
তার পরিবারের সদস্যরা জানান, লিমনের পরিবারের কেউ এখন আর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের বাড়িতে থাকেন না। তবে, তার চাচা-চাচীসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা আছেন। তবে লিমনের শৈশব কেটেছে গাজীপুরের মাওনা এলাকায়। সেখানে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন।
তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রে ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন ও তার বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টি। লিমন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এক বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান।
লিমনের চাচা জিয়াউল ইসলাম বলেন, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকাতেই থাকেন। মাঝে মাঝে তারা গ্রামের বাড়ি আসেন। লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। ২০২৪ সালে জুলাই মাসের দিকে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।
শুক্রবার রাতে পরিবারের সদস্যরা লিমনের মৃত্যুর সংবাদ পান বলে তার ফুফু আকলিমা আক্তার জানান।
আকলিমা আক্তার বলেন, কয়েকদিন থেকে শুধু নিখোঁজের খবর পাই। গত রাতে হঠাৎ লিমনের মৃত্যু সংবাদ পেয়েছি। আমার ভাতিজার মরদেহ যেন খুব দ্রুত সময়ের দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর লিমনকে যারা হত্যা করেছে তাদের সঠিক বিচার চাই।
উল্লেখ্য, জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। ১৬ এপ্রিল সকাল থেকে নিখোঁজ হন তারা। পরে শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।




