জামায়াত আমির

একজন এমপি সংসদে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন তাতে আমরা আঘাত পেয়েছি

অনলাইন ডেস্ক: বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সংসদ সদস্যের ব্যবহার করা ভাষা ‘হুমকিস্বরূপ’ ও ‘অসংসদীয়’ দাবি করে এর কড়া প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ ধরনের বক্তব্য সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ দেওয়া) করার দাবি জানান।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাজনৈতিক বিষয়ে কিছু মন্তব্য করেন। এ সময় তিনি ‘জনগণ বসে থাকবে না’—জাতীয় পর্যায়ের রাজনৈতিক এমন একটি বাক্যাংশ ব্যবহার করেন। পরবর্তীতে ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ বক্তব্যের প্রতিবাদ জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, তাতে আমরা আঘাত পেয়েছি। তিনি জনগণ বসে থাকবে না বলে কী ইঙ্গিত দিচ্ছেন? তিনি কি জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকে দিচ্ছেন? এগুলো সংসদীয় আচরণ হতে পারে না।’ তিনি অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ তুলে তা অবিলম্বে এক্সপাঞ্জ করার দাবি জানান।

বিরোধীদলীয় নেতার আপত্তির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখবো—যদি অসংসদীয় কোনো ভাষা থাকে, তবে তা আমরা এক্সপাঞ্জ করবো।’

তবে রাজনৈতিক রীতির বিষয়ে স্পিকার আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ‘আমরা চুপ করে থাকবো না’ বা ‘জনগণ বসে থাকবে না’—এ ধরনের কথা শত বছর ধরে চলে আসছে। এগুলো বক্তৃতার জবাব দেওয়ার সময় আপনারা পাল্টা যুক্তি দিয়ে বলতে পারেন। তবে কেউ বক্তব্য রাখার সময় তাকে ডিস্টার্ব করা ঠিক নয়।’

সংসদীয় ঐতিহ্যের খাতিরে স্পিকার সকল সংসদ সদস্যকে পারস্পরিক শ্রদ্ধাশীল হওয়ার এবং বক্তব্যের সময় ধৈর্য ধারণের আহ্বান জানান।

Related Articles

Back to top button