সরকারিভাবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয় করবে বাংলাদেশ জরিপ অধিদফতর

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে জরিপে নামছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জরিপ অধিদফতরের একটি অভিজ্ঞ দল ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বান্দরবানের রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পাহাড় পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে।
গতকাল শনিবার (৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়, বাংলাদেশ জরিপ অধিদফতর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS) প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল হতে উচ্চতা (এমএসএল) নির্ধারণের লক্ষ্যে একটি সমন্বিত জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে, যার লক্ষ্য সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল হতে উচ্চতা (এমএসএল) উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা।
উক্ত জরিপ কার্যক্রমটিতে সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার-এর নেতৃত্বে এবং জিওডেটিক ডিটাচমেন্ট-এর ইনচার্জ ও উপ-পরিচালক দেবাশীষ সরকারের তত্ত্বাবধানে থানচি ও রুমায় অবস্থান করে বিভিন্ন পাহাড়ের উচ্চতা পরিমাপ করা হবে।
এই জরিপের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদপ্তর (সার্ভে অব বাংলাদেশ) কর্তৃক দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং না সাকা হাফং- তা নির্ণয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




