ভাঙা প্রেমে চার মাস অনিদ্রা, দুঃসহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক: প্রেম যেমন জীবনে নতুন রঙ এনে দেয়, তেমনি সম্পর্ক ভেঙে গেলে তার প্রভাব পড়ে গভীরভাবে। অনেকের ক্ষেত্রে সেই প্রভাব মানসিক কষ্ট ছাড়িয়ে শারীরিক সমস্যায়ও রূপ নেয়। এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন।
সম্প্রতি সোহা আলী খানের পডকাস্টে তিনি বলেন, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে অনিদ্রায় ভুগেছেন তিনি। টানা প্রায় চার মাস রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসত না।
কালকির ভাষায়, ‘সে দিন আমি বুঝেছিলাম, মন আর শরীর পরষ্পরের সঙ্গে কতটা জড়িয়ে থাকে।’

রাতের সেই সময়গুলো কাটাতে কখনো গিটার বাজাতেন, কখনো নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেন। কিন্তু ঘুম না হওয়ায় তার প্রভাব পড়ে পেশাগত জীবনেও। কাজের সময় প্রায়ই বিভ্রান্ত বোধ করতেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘কোনও কোনও দিন কাজ করতে করতে মনে হত, আমি বোধ হয় তখনও স্বপ্ন দেখছি। কী কাজ করছি বুঝতেই পারতাম না। জেগে আছি না কি ঘুমিয়ে আছি, বুঝতে পারতাম না তা-ও।’
উল্লেখ্য, কালকি পরিচালক অনুরাগ কশ্যপকে বিয়ে করেছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এখন তিনি তার প্রেমিক গাই হার্শবার্গের সঙ্গে থাকেন। তাদের একটি মেয়ে আছে, যার নাম সাফো। ২০২০ সালে তাদের মেয়ের জন্ম।




