আইপিএলে যোগ দেওয়ায় শানাকাকে শাস্তি দিলো পিসিবি

অনলাইন ডেস্ক: পিএসএলে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মৌসুমে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
মূলত, চলতি মৌসুমে পিএসএলের চুক্তি ভাঙার অপরাধে শানাকাকে এই শাস্তি দিয়েছে পিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে নিলামে লাহোর কালান্দার্সের সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তি হয়েছিল এই লঙ্কান অলরাউন্ডারের। কিন্তু স্যাম কারানের চোটজনিত বদলি হিসেবে আইপিএল দল রাজস্থান রয়্যালসে যোগ দেন তিনি।

শেষ মুহূর্তে পিএসএল থেকে এভাবে নাম প্রত্যাহারকে চুক্তিগত বাধ্যবাধকতার সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে পিসিবি। তাদের মতে, পিএসএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরও লিগ থেকে শানাকা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় দলের পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং লিগের চুক্তিগত কাঠামোকে দুর্বল করেছে।
এমন সিদ্ধান্তের জন্য পিসিবির প্রকাশিত এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন শানাকা। তিনি বলেন, ‘পিএসএল থেকে আমার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পিএসএল ভক্ত ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

এই লঙ্কান অলরাউন্ডার আরও বলেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমি আমার কর্মকাণ্ডের কারণে যে হতাশা তৈরি হয়েছে, আমি সে
টা ভালোভাবে অনুধাবন করতে পারছি। লাহোর কালান্দার্সের একনিষ্ঠ ভক্তদের হতাশ করার জন্য আমি সত্যিই দুঃখিত।’




