দুই দিনে দলবদল করলেন ১৩৫ ক্রিকেটার

অনলাইন ডেস্ক: অনিশ্চয়তা-শঙ্কা কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। ১২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া লিগে শনিবার প্রথম দিনে দলবদল করেছেন ৭৯ জন ক্রিকেটার। গতকাল দ্বিতীয় ও শেষ দিনে দলবদল করেছেন ৫৬ জন ক্রিকেটার। দুই দিনে দলবদল করেছেন মোট ১৩৫ জন ক্রিকেটার।

এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল গড়ছে দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী। যেখানে আবাহনীর লক্ষ্য টানা চতুর্থ শিরোপা এবং মোহামেডানের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার। প্রথম দিনের দলবদলে ১০ জন ক্রিকেটার নিয়েছে আবাহনী। গতকাল আর নতুন করে কোনো খেলোয়াড় নেয়নি তারা। 

অন্যদিকে, মোহামেডান প্রথম দিনে ১১ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। আবাহনীর মতো তারাও দ্বিতীয় দিনে নতুন কোনো ক্রিকেটার নেয়নি। শেষ দিনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে তারা।

এছাড়াও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তুলনামূলকভাবে শক্তিশালী দল গড়েছে। তাদের দলে রয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পেসার তানজিম হাসান সাকিবের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। দীর্ঘ এই লিগে খেলোয়াড়দের ধারাবাহিকতা বজায় রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাই তাদের মূল পরিকল্পনা।

অন্যদিকে, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব নাসির হোসেনের মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে নিয়ে দল সাজিয়েছে। সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডসও বড় সংখ্যায় নতুন খেলোয়াড় ভিড়িয়ে স্কোয়াড পুনর্গঠন করেছে, যা তাদের লিগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে রাখবে। আগামী মে মাসের ৫ তারিখ থেকে লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। যেখানে প্রতিদিন ছয়টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button