শুভ হত্যা মামলার প্রধান আসামি রানার প্রকাশ্যে চলাফেরার ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযানে প্রকাশ্যে দেখো গেছে হত্যা মামলার পলাতক আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানাকে। আলোচিত শুভ হত্যা মামলার প্রধান আসামি রানা। গত সোমবার শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রমে রানাকে প্রকাশ্যে দেখা যায়।
গত ২৯ মার্চ সন্ধ্যায় মোবাইল ফোনে শুভকে সিদ্ধিরগঞ্জে তার শ্বশুর বাড়ি থেকে ডেকে এনে ফতুল্লার ইসদাইর এলাকার একটি গ্যারেজে মারধর করা হয়। পরে অচেতন অবস্থায় শুভকে একটি ইজিবাইকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়। পরে ৩০ মার্চ রূপগঞ্জের কালনী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে শুভর লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরিচয় নিশ্চিত হতে না পেরে বেওয়ারিশ হিসেবে শুভর লাশ দাফন করে রূপগঞ্জ পুলিশ।
ঐ ঘটনায় শুভর মা গত ১ এপ্রিল স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করে ১০ জনের নামে ও চার-পাঁচ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ২ এপ্রিল ফতুল্লা মডেল থানা পুলিশ রূপগঞ্জে অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার হওয়া লাশের ছবি দেখালে সেটি অপহৃত শুভর বলে নিশ্চিত করে তার বাবা মো. সোহেল ও মা মাকসুদা বেগম।
শুভকে অপহরণ ও হত্যার ঘটনায় মামলার ১৩ দিন পর প্রকাশ্যে দেখা গেছে স্বেচ্ছাসেবক দলের অভিযুক্ত নেতা রানাকে। গত সোমবার রানাকে নগরের চাষাঢ়া গোলচত্বর এলাকায় দেখা যায়। ঐদিন তার প্রকাশ্যে চলাফেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অথচ শুভ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির থেকে শুরু করে জেলা পুলিশের বেশ কয়েক জন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী রানা পলাতক। তাকে ট্রেস করা যাচ্ছে না। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মামলায় জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



