সংসদ কক্ষে ফোনে কথা বলেন সদস্যরা, চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ ডেপুটি স্পিকারের

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা বলা ও ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণের পর তিনি এ অনুরোধ জানান।
সংসদে রাষ্ট্রপতির বক্তৃতার ওপর আলোচনায় অংশ নিতে হামিদুর রহমান বক্তব্য শুরু করলে, সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লক্ষ্য করেন যে, কয়েকজন সংসদ সদস্য মোবাইলে কথা বলছেন, যার শব্দ কক্ষজুড়ে শোনা যাচ্ছে। এতে বক্তা ও অন্য সদস্যদের মনোযোগে বিঘ্ন ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিষয়টি ইতোমধ্যে সকল সদস্যের নজরে এসেছে এবং এখানেই এর সমাধান হওয়া উচিত। তিনি সংসদ সদস্যদের উদ্দেশে অনুরোধ করেন, কেউ যেন কক্ষে বসে মোবাইলে কথা না বলেন। প্রয়োজন হলে বাইরে গিয়ে কথা বলার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এমন শব্দ স্পিকারের কাছ পর্যন্ত পৌঁছে যায়।
পরে পাশ থেকে একজন সদস্যকে মোবাইলে ছবি তোলার প্রসঙ্গ তুলতে শোনা গেলে, চিফ হুইপ স্পষ্ট করে বলেন, সংসদ কক্ষে ছবি তোলাও বন্ধ রাখতে হবে।
এছাড়া সংসদীয় শৃঙ্খলা বজায় রাখতে বক্তব্য চলাকালে ফ্লোর ক্রস না করার নির্দেশনাও স্মরণ করিয়ে দেন তিনি। কোনো সদস্যকে চলাচল করতে হলে পেছনের দিক দিয়ে ঘুরে যাওয়ার নিয়ম অনুসরণের আহ্বান জানান চিফ হুইপ, যা কার্যপ্রণালিবিধিতে উল্লেখ আছে বলেও তিনি উল্লেখ করেন।




