বার্সেলোনাকে বিদায় করে ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো

অনলাইন ডেস্ক: বার্সেলোনার জন্য কাজটা কঠিন ছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চকর এক লড়াই হলো। অ্যাটলেটিকোর মাঠে বার্সা জিতলো ২-১ ব্যবধানে। কিন্তু তাতেও তাদের বিদায় ঠেকানো গেলো না। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো সেমিফাইনালে পৌঁছেছে।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এতে করে অ্যাটলেটিকোর দীর্ঘ ৯ বছরের আক্ষেপ ঘুচেছে। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো তারা।
অপরদিকে গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেওয়া বার্সেলোনা এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল।
অথচ শুরুটা ছিলো প্রত্যাশার চেয়েও বেশি। ২৪ মিনিটের মধ্যেই ইয়ামাল ও তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বার্সা।
তবে স্বস্তি স্থায়ী হয়নি বেশি সময়। ৩১ মিনিটে লুকমানের গোলে ব্যবধান কমায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় স্বাগতিক শিবির।
ম্যাচের বাকি সময়ে গোল পেতে মরিয়া কাতালান জায়ান্টরা। ৫৫ মিনিটে ফারনান তোরেসের অফসাইডে করা গোল বাতিল হয়। সুযোগ মিস করেছেন ওলমো-লেভানডোভস্কিরাও। উল্টো শেষ দিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় ফ্লিক শিষ্যদের। বিপরীতে ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখলেও ২০১৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাম লেখালো অ্যাটলেটিকো মাদ্রিদ।
অপরদিকে অন্য কোয়ার্টার ফাইনালে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিভারপুলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।




