পাকিস্তানি ব্যাংক অধিগ্রহণ করতে চায় ব্যাংক এশিয়া

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বৃহৎ বাণিজ্যিক ব্যাংক আলফালাহ্‌ লিমিটেডের বাংলাদেশে থাকা সমস্ত সম্পদ ও দায় কিনে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করছে ব্যাংক এশিয়া পিএলসি। এই লক্ষ্য বাস্তবায়নে আজ রোববার (১২ এপ্রিল) ব্যাংক এশিয়া তাদের শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদন পেলে পাকিস্তানি এই ব্যাংকটির এ দেশীয় কার্যক্রমের আনুষ্ঠানিক অধিগ্রহণ সম্পন্ন হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ এপ্রিল ব্যাংক এশিয়ার পর্ষদ সভায় আলফালাহ্‌র বাংলাদেশ অংশের কার্যক্রম অধিগ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রক্রিয়ার জন্য ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দেয় পরিচালনা পর্ষদ। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টায় ভার্চ্যুয়াল মাধ্যমে ইজিএম অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত মাসে পাকিস্তানে অনুষ্ঠিত ব্যাংক আলফালাহ্‌র ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংকটির শেয়ারহোল্ডাররা তাদের বাংলাদেশের সম্পদ ও দায় ব্যাংক এশিয়ার কাছে বিক্রির প্রস্তাবটি অনুমোদন করেন। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) জমা দেওয়া এজিএমের কার্যবিবরণী অনুযায়ী, এই বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮০ কোটি টাকা (প্রায় ৪ কোটি ৭৫ লাখ ডলার)।

তবে দুই ব্যাংকের একীভূতকরণের সময় প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী চূড়ান্ত মূল্যে কিছুটা সমন্বয় হতে পারে। পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হওয়া এখন স্টেট ব্যাংক অব পাকিস্তান, বাংলাদেশ ব্যাংক এবং দুই দেশের সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, এই সংক্রান্ত শেয়ারহোল্ডারদের রেকর্ড ডেট গত ২৬ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশে ব্যাংক আলফালাহ্‌র দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম ব্যাংক এশিয়ার অধীনে চলে আসবে।

Related Articles

Back to top button