কনকচাঁপার সঙ্গে অশোভন আচরণ করায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রুহুল কবির রিজভীর

অনলাইন ডেস্ক: বিএনপির পার্টি অফিসে আগত কন্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে যারা অশোভন আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘কেন মিসবিহেভ (অশোভন) আচরণ করা হবে? দলের যারা সত্যিকারের নিবেদিতপ্রাণ এবং সুরুচিসম্পন্ন নারী, তারা কখনো এ ধরনের কাজ করতে পারেন না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল রোববার (১২ এপ্রিল) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘একজন শিল্পী রাতারাতি বড় হয়ে যাননি। দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে, অনেক কষ্ট করে তিনি এই অবস্থানে এসেছেন। তিনি যদি বিএনপিকে সমর্থন করেন, সেটিই দলের জন্য একটি বড় অর্জন। সবাইকে রাজপথে নেমে রিকশার হাওয়া ছাড়তে হবে নাকি!’
রিজভী আরও বলেন, ‘কোনো সেলিব্রিটির রাজনৈতিক মতপ্রকাশ বা সমর্থনকে অবমূল্যায়ন করার সুযোগ নেই।’ বিশ্বের বিভিন্ন দেশে এর উদাহরণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারতে অনেক সেলিব্রিটি রাজনীতিতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এমনকি নির্বাচিতও হচ্ছেন।’
তিনি বলেন, ‘একজন বড় শিল্পী যদি বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পক্ষে থাকেন, সেটি নিঃসন্দেহে দলের জন্য ইতিবাচক বিষয়। সবাইকে মাঠে নেমে সরাসরি রাজনীতি করতে হবে—এমন বাধ্যবাধকতা নেই।’
প্রসঙ্গত, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম রোববার শেষ হচ্ছে। আজ কনকচাঁপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসলে এক নেত্রী তার উপর চড়াও হয় এবং গণমাধ্যমে তার আন্দোলন সংগ্রামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দেন।




