‘ভুলবশত’ দলে নিয়েছিল মুলতান, এখন সে সর্বোচ্চ রানসংগ্রাহক

অনলাইন ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান দল। দলীয় ব্যর্থতার মাঝেও টুর্নামেন্ট শেষে জ্বলজ্বল করছিল দলের ওপেনার সাহিবজাদা ফারহানের নাম। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নেমে ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক হন তিনি। বিশ্বকাপের সেই দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন চলমান পিএসএলেও। যদিও তাকে নাকি ‘ভুলবশত’ দলে নিয়েছিল মুলতান সুলতান্স।

সম্প্রতি মুলতান সুলতান্সের সাবেক মালিক আলি তারিন সামাজিক মাধ্যমে ওপেনার সাহিবজাদা ফারহান ও স্টিভেন স্মিথের প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান সিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ ফ্র্যাঞ্চাইজির মালিক কামিল খানকে। যার অধীনে ফেব্রুয়ারির নিলামে বর্তমান স্কোয়াডটি গঠিত হয়েছিল। পরবর্তীতে মালিকানা পরিবর্তন হয়ে গোহর শাহের হাতে গেলে দলটির নাম বদলে রাখা হয় মুলতান সুলতান্স।

তবে আলি তারিনের সেই মন্তব্যের বিরোধিতা করে একে ‘ভুয়া সংবাদ’ বলে দাবি করেছেন গোহর শাহ। মুলতানের বিভিন্ন খেলোয়াড় দলে নেওয়ার পেছনে কারা কাজ করেছেন সেটি উল্লেখ করেন তিনি। গোহর জানান, বর্তমান প্রধান কোচ টিম পেইন পাঁচজন খেলোয়াড় নির্বাচনে ভূমিকা রেখেছেন, যার মধ্যে স্টিভ স্মিথের নামও ছিল। এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চান– স্কোয়াড গঠনে কামিল খানের ভূমিকা ছিল না। তবে সাহিবজাদা ফারহান যে তাদের পরিকল্পনায় ছিলেন না সেটাই প্রকাশ্যে আসে গোহরের পরবর্তী মন্তব্যে।

ফারহানকে মুলতানের স্কোয়াডে নেওয়ার প্রসঙ্গে গোহর বলেন, ‘এটি ছিল একটি আকস্মিক নির্বাচন। হাসান চিমা ইসলামাবাদের বাজেট ও অন্যান্য পছন্দে প্রভাব ফেলতে দাম বাড়ানোর চেষ্টা করছিলেন। শুরুতে তিনি (ফারহান) সিয়ালকোট স্ট্যালিয়ঞ্জের পরিকল্পনায় ছিলেন না।’ নিলামের সময় সিয়ালকোটের পরিকল্পনা প্যানেলে ছিলেন হাসান চিমা, অন্যদিকে গোহর শাহ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের টেবিলে ছিলেন। পরে সিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি ব্যাংক থেকে দেউলিয়া ঘোষিত হলে তাদের পরিবর্তে মালিকানা পান গোহর, নাম দেন মুলতান সুলতান্স। সবমিলিয়ে দাম বাড়ানোর চেষ্টা এবং ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিটির দলে নিতে হয় ফারহানকে।

এদিকে, গত বছর ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা সত্ত্বেও পিএসএলের মূল নিলামে অবিক্রিত ছিলেন ফারহান। পরবর্তীতে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে তিনি ইসলামাবাদ ইউনাইটেডে যোগ দেন। এর আগে ২০১৮-১৯ মৌসুমে ইসলামাবাদ, ২০২২ সালে করাচি কিংস এবং ২০২৪ সালে লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার।

চলমান পিএসএলে মুলতানের হয়ে ফারহান ইতোমধ্যে নিজের নবম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার অপরাজিত ১০৬ রানে ভর করে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ২২৬ রান লক্ষ্য তাড়া করে জয় পায় মুলতান।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে ৩৮৩ রান করে বিরাট কোহলির এক আসরে করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন ফারহান। পিএসএলের চলতি আসরেও এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫৮ গড়ে ২৩২ রান নিয়ে শীর্ষ রানসংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন তিনি। ১৮০ রান নিয়ে তার পরেই অবস্থান করছেন সামির মিনহাস।

Related Articles

Back to top button