যেখানে আলোচনার পথ প্রশস্ত, সেখানে হুমকি-ধমকি অনাহূত: আনসারী

অনলাইন ডেস্ক: দেশের বর্তমান প্রেক্ষাপট ও সরকারের কার্যকারিতা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

গতকাল বুধবার (৮ এপ্রিল) এক বার্তায় তিনি জানান, বিপুল জনপ্রত্যাশা ও নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তবে গণতান্ত্রিক পরিবেশে যেখানে আলোচনার সুযোগ রয়েছে, সেখানে হুমকি-ধমকির কোনো স্থান নেই বলে মন্তব্য করেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী উল্লেখ করেন, দেশীয় ও আন্তর্জাতিক জটিল পরিস্থিতির মধ্যে এই সরকারের পথচলা বেশ চ্যালেঞ্জিং। মানুষ স্বাভাবিকভাবেই দ্রুত দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। সেই জায়গায় প্রধানমন্ত্রীর বিনয়, সাধারণ জীবনযাপন এবং কাজের প্রতি একাগ্রতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি মনে করেন, সরকারের সংশ্লিষ্ট সকলের কাছ থেকে একই ধরনের সংবেদনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।

রাষ্ট্রদূত আনসারী তার পর্যবেক্ষণে আরও জানান, যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, তাদের কাজ ও আচরণের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা দেশের জন্য সম্পদ, কোনোভাবেই বোঝা নন। বর্তমান সময়ে জবাবদিহিতা ও দক্ষতার মাধ্যমেই জনগণের আস্থার প্রতিদান দিতে হবে।

সমাজে সচেতন অংশের সমালোচনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী এই সরকার ও সংসদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। সরকারের ভুল ধরিয়ে দেওয়া যেমন জরুরি, তেমনি গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগী হওয়াও নাগরিক সমাজের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে ফেরা আজকের বাংলাদেশে যেখানে আলোচনার পথ প্রশস্ত, সেখানে হুমকি-ধমকি অনাহূত। শান্তি, স্থিতি, মানবিক মর্যাদা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই এখনকার মূল অগ্রাধিকার হওয়া উচিত।’ তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, আন্দোলনের মাঠের চেয়ে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পড়ার টেবিলই হোক শিক্ষার্থীদের মূল গন্তব্য।

সবশেষে তিনি যোগ করেন, এই পর্যবেক্ষণগুলো বাংলাদেশে আসার পর তার একান্তই ব্যক্তিগত চিন্তার প্রতিফলন।

Related Articles

Back to top button