রানআউট নিয়ে বিবাদে প্রাণ গেলো আম্পায়ারের

অনলাইন ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনমে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে আম্পায়ারিংকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে এক আম্পায়ারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রানআউট নিয়ে তর্কের জেরে দোলা অজিত বাবু নামের ওই আম্পায়ার প্রাণ হারিয়েছেন। এই হামলায় আহত হয়েছেন বুদুমুরি চিরঞ্জীবী নামের অপর এক আম্পায়ারও।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেলে একটি স্থানীয় মাঠে ম্যাচ চলাকালীন একটি রানআউট দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। সার্কেল ইন্সপেক্টর মাল্লেশ্বর রাও জানান, বিবাদের সময় আম্পায়ার অজিত বাবু ও চিরঞ্জীবী তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। তবে কান্তা কিশোর নামের এক দর্শক এতে ক্ষিপ্ত হয়ে মাঠেই আম্পায়ার ও খেলোয়াড়দের গালিগালাজ করতে থাকেন।

ম্যাচ শেষ হওয়ার পর সন্ধ্যায় অজিত বাবু ও তার বন্ধুরা পাদিগাদলি জংশন এলাকায় গেলে সেখানে আবারও কিশোরের সঙ্গে তাদের দেখা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে পৌঁছানোর পরপরই আবারও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে কিশোর হঠাৎ ছুরি বের করে দুই আম্পায়ারের ওপর অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত অজিত বাবু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ভিআইএমএস এবং পরে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহত অজিত বাবুর ভাই অভিযোগ করেছেন, অভিযুক্ত কিশোর পেশাদার কোনো খেলোয়াড় ছিল না এবং হামলার সময় সে মদ্যপ অবস্থায় ছিল। গ্রামের বড়দের হস্তক্ষেপে মাঠের বিবাদ মিটে গেলেও কিশোর পরিকল্পিতভাবে পকেটে ছুরি নিয়ে এসে এই হামলা চালায়। সে প্রথমে চিরঞ্জীবীকে ডেকে ঝগড়া শুরু করে এবং হঠাৎ অজিত বাবুর বুকে ছুরি চালিয়ে দেয়।

ঘটনার পর অভিযুক্ত কিশোর পালিয়ে গেছে। নিহত ব্যক্তির বাবা দোলা আপ্পালা রাজু এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং পুরো বিষয়টি অধিকতর তদন্ত করে দেখছে। একটি সাধারণ ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Related Articles

Back to top button