সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে: ইউএনডিপিকে স্পিকার

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে এ প্রতিনিধিকে স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে খুবই উদার ও সচেষ্ট।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) এই সাক্ষাতে ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট ও সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় সংসদের অধিবেশন, সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করতে হবে। ইউএনডিপি নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তাদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি এবং এখতিয়ারের বিষয় আলোচনায় সহযোগিতা করতে পারে।
তিনি বলেন, সংসদ সদস্যদের মধ্য থেকে বিশেষ করে নারী সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল ইউএনডিপির সঙ্গে দ্বিপক্ষীয় সফর বিনিময় করতে পারে।
হাফিজ উদ্দিন বলেন, সংসদে ডিজিটালাইজড লাইব্রেরি ব্যবস্থার প্রবর্তন, অধিবেশনকালীন দিনের কার্যসূচিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার, সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস থাকা অত্যাবশ্যক।
ঢাকায় নিযুক্ত ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। ইউএনডিপির সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় তারা চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে তাদের মত বিনিময় করেন। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো যেমন-যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেন।
স্টেফান লিলারের সঙ্গে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপোভিক এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিষ্ট তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউএনডিপির সংসদ বিষয়ক ফোকাল পারসন মাহমুদুল হাসানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




