রাজনীতিতে ফেরা নিয়ে সাকিবের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল


অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান দেশ এবং ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। গতকাল সোমবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্রিকেট ও রাজনীতি নিয়ে সৃষ্ট আলোচনার অবসান ঘটান।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের কিছু বক্তব্য ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে তার রাজনীতিতে ফেরা না ফেরা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। এই প্রেক্ষাপটেই সাকিব তার ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান লক্ষ্য নিয়ে সরাসরি কথা বলেন।

ফেসবুক বার্তায় সাকিব জানান, বর্তমানে তার একমাত্র এবং মূল মনোযোগ নিবদ্ধ রয়েছে ক্রিকেটের ওপর। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে জাতীয় দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে চান তিনি। লাল-সবুজের জার্সিতে দেশের জন্য আরও কিছু স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়াই তার এখনকার প্রধান লক্ষ্য।

দেশের উন্নয়নে রাজনীতির গুরুত্ব স্বীকার করে সাকিব উল্লেখ করেন, খেলাধুলা থেকে অবসর নেওয়ার পর তিনি দেশের জন্য অবদান রাখতে আগ্রহী। তবে সেই কাজ করার মাধ্যম যে শুধু রাজনীতিই হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে তিনি মনে করেন।

সাকিব তার বার্তায় স্পষ্ট করেছেন যে, রাজনীতি ছাড়াও দেশের সেবা করা সম্ভব। যদিও তিনি এটিও যোগ করেছেন যে, রাজনীতির মাধ্যমে জনকল্যাণমূলক কাজগুলো করা তুলনামূলক সহজ হয়। তবে এখনই তিনি সক্রিয় রাজনীতি নিয়ে ভাবছেন না বলে ইঙ্গিত দিয়েছেন।

দীর্ঘদিন দেশের বাইরে থাকা এই বিশ্বসেরা অলরাউন্ডার নিজের ক্রিকেট ক্যারিয়ারের সফল সমাপ্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি চান হাস্যোজ্জ্বল মুখে জাতীয় দল থেকে বিদায় নিতে। এই লক্ষ্য পূরণে তিনি দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপকালে নিজের ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দলীয় কার্যক্রম না থাকায় তিনি ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন, তবে সুযোগ হলে ভবিষ্যতে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তার।

Related Articles

Back to top button