পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে আর্টেমিস–২ নভোচারীদের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক: পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে মানব মহাকাশযাত্রায় নতুন রেকর্ড গড়েছেন নাসার আর্টেমিস–২ মিশনের চার নভোচারী।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস–২ অভিযানে অংশ নেওয়া চার নভোচারী তাঁদের বহনকারী মহাকাশযান নিয়ে চাঁদের পেছন দিক অতিক্রম করেন। এ সময় প্রায় ৪০ মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে তাঁদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে চাঁদের অপর প্রান্ত ঘুরে আসার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত মিশন কন্ট্রোলের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করেন তাঁরা।
গ্রিনিচ মান সময় (GMT) সোমবার বিকেল ৩টা ৫৮ মিনিটে নভোচারীরা যখন চাঁদের পেছনের সর্বোচ্চ দূরত্বে পৌঁছান, তখন পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার (প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল)। এর মধ্য দিয়ে মানব ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে ভ্রমণের নতুন রেকর্ড গড়ে আর্টেমিস–২ মিশন।
এর আগে এই রেকর্ড ছিল নাসার অ্যাপোলো–১৩ মিশনের দখলে। ১৯৭০ সালের এপ্রিলে ওই অভিযানে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার (প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) দূরত্বে পৌঁছেছিলেন।
নতুন এই অর্জনকে ভবিষ্যতে চাঁদ ও গভীর মহাকাশে মানব অভিযানের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




