বাঘায় নিখোঁজের পরদিন পুকুরে মিললো মরদেহ

অনলাইন ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় আজ মঙ্গলবার সকালে (৭ এপ্রিল) জাল টেনে নিখোঁজ এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। 

নিহত ব্যক্তির নাম সানাউল্লাহ। তিনি মৃত খলিল উদ্দিন সরকারের ছেলে। তার বাড়ি উপজেলার তুলসীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায় দুই বছর আগে মনিগ্রাম এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এর আগে তার বসতভিটা ছিল বেড় হাবাসপুর এলাকায়। গতকাল সন্ধ্যার পর থেকে তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেললে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, লাশের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত সানাউল্লাহর পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে লাশটি গোপনে পুকুরে ফেলে দেওয়া হয়।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান , আমরা খবর পেয়ে লাশ থানায় নিয়ে এসেছি। কিছুক্ষনের মধ্যে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি।

Related Articles

Back to top button