নেত্রকোনায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

অনলাইন ডেস্ক: নেত্রকোনায় অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

জরিমানা করা ব্যবসায়ী রহমত উল্লাহ, যিনি ওই বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের মালিক।

জেলা প্রশাসনের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা।

অভিযান চলাকালে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিজেল জব্দ করা হয় এবং অবৈধভাবে মজুদ রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও অবৈধ মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button