ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর 

অনলাইন ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফাকে অনুরোধ করেছে ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ)। এই অনুরোধ ফিফা প্রত্যাখ্যান করলে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

গতকাল রোববার (৫ এপ্রিল) তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানান, ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) ইতোমধ্যে ফিফার কাছে এই অনুরোধ জানিয়েছে, তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমাদের অনুরোধ গ্রহণ করা হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ক্রীড়ামন্ত্রী দোনিয়ামালি জানান, দলের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে। তবে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। তবে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

আগামী ১১ জুন পর্দা উঠবে এবারের ফুটবল বিশ্বকাপের। সূচি অনুযায়ী, ইরান তাদের প্রথম ম্যাচে ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং ২৬ জুন সিয়াটলে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূত্র: আল জাজিরা। 

Related Articles

Back to top button