‘এবার দুই থেকে তিন হতে চলেছি’

অনলাইন ডেস্ক: বিয়ের দেড় মাসের মাথায় ‘এবার দুই থেকে তিন হতে চলেছি’ এমন ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঢল রাশমিকা মান্দানার জন্য। তবে এই ঘোষণাকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তিও।
সম্প্রতি স্বামী বিজয় দেবরাকোন্ডা ও বন্ধুদের নিয়ে ‘হানিমুন’-এর পরিবর্তে ‘বাডিমুন’-এ গিয়েছিলেন এই জুটি। সেখান থেকে ফিরেই একটি ভিডিও শেয়ার করে এমন ঘোষণা দিয়েছেন রাশমিকা। ভিডিওতে তার ও বিজয়ের সঙ্গে দেখা যায় সূর্যমুখী ফুলের একটি অ্যানিমেশন চরিত্র। এই চরিত্রের নাম ‘রু’।
জানা যায়, ‘রাশমিকা অ্যান্ড রু’ নামে একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছেন রাশমিকা। এই চরিত্রকে কেন্দ্র করে অ্যানিমেটেড কনটেন্ট তৈরি করা হয়, যেখানে জনপ্রিয় সংস্থা ‘টেরিবলি টাইনি টেলস’ সহযোগিতা করছে। এটি মূলত রশ্মিকার ব্যক্তিত্ব দ্বারা অনুপ্রাণিত। রশ্মিকা ভীষণ ‘অ্যানিমে’ অনুরাগী। এর মাধ্যমে তিনি সমাজে ইতিবাচকতা ছড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছিলেন।
এই প্রকল্পেই এবার যুক্ত হয়েছেন বিজয় দেবরাকোন্ডা। ফলে ‘দুই থেকে তিন’ হওয়ার ঘোষণার আসল অর্থও এখানেই, এটি কোনো পারিবারিক নতুন সদস্যের আগমনের খবর নয় বরং তাদের সৃজনশীল কাজের সম্প্রসারণ।
তবে ঘোষণাটি দেখে অনেক ভক্তই প্রথমে ভেবেছিলেন, অভিনেত্রী মা হতে চলেছেন। কেউ কেউ আগাম শুভেচ্ছাও জানিয়ে ফেলেন। পরে বিষয়টি পরিষ্কার হলে অনুরাগীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয় এই প্রকল্প ঘিরে।




