পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার

অনলাইন ডেস্ক: হৃদরোগজনিত জটিলতার কারণে মাত্র ৩৪ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার দস সান্তোস এমবোয়াদা জুনিয়র, যিনি বিশ্বজুড়ে ‘অস্কার’ নামেই পরিচিত।

ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো এ তথ্য নিশ্চিত করেছে। গত নভেম্বরে ক্লাবের অনুশীলনের সময় শারীরিক পরীক্ষার মধ্যে অসুস্থ হয়ে পড়েন এই মিডফিল্ডার এবং তাকে পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

চিকিৎসকদের মতে, তিনি ‘ভাসোভ্যাগাল সিনকোপ’ নামের এক ধরনের সমস্যায় ভুগছেন, যেখানে হঠাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন কমে গিয়ে মানুষ অজ্ঞান হয়ে পড়ে। এই জটিলতার কারণেই নির্ধারিত সময়ের আগেই ফুটবল ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অস্কার বলেন, ‘সাও পাওলোর হয়ে আমি আরও খেলতে চেয়েছিলাম। আমার মনে হয়, সামর্থ্য ও বয়স- দুটোই ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা ঘটেছে।’

তিনি আরও যোগ করেন, ‘এখন আমি অবসর নিচ্ছি। সমর্থক হিসেবে সাও পাওলোর পাশেই থাকব। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শেষ হচ্ছে- একটি ক্যারিয়ার, যা আমাকে বিশ্বের নানা প্রান্তে নিয়ে গেছে।’

ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অস্কার ক্লাব ফুটবলেও রেখে গেছেন উজ্জ্বল ছাপ। ২০১২ সালে চেলসিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই জিতেছিলেন ইউয়েফা ইউরোপা লিগ। এরপর ২০১৪-১৫ মৌসুমে জেতেন প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা। 

২০১৭ সালে চেলসি ছেড়ে শাংহাই পোর্ট এফসিতে যোগ দেন তিনি। চীনা সুপার লিগে তিনটি শিরোপা জেতার পর ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে আসেন অস্কার।  যেখানে বেশি দিন খেলতে পারলেন না তিনি।

Related Articles

Back to top button