কথায় নয়, কাজে প্রমাণ করতে চান কোচ রফিক

অনলাইন ডেস্ক: বিসিবির কোচ হিসেবে কাজ করার ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। এতদিনে সেই চাওয়া পূরণ হওয়ায় বেশ উচ্ছসিত তিনি।
গতকাল শনিবার (৪ এপ্রিল) বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, এক বছরের জন্য বিসিবির স্পিন কোচ করা হবে মোহাম্মদ রফিককে।
গতকাল বোর্ড সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
সুখবরটি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ রফিক বলেন, ‘আগে কাজটা শুরু করি।’
তিনি আরও বলেন, ‘ফাহিম ভাই ফোন করেছিল। বলল, তোমাকে আমাদের দরকার। তুমি দেশকে অনেক কিছু দিতে পারো। দু-এক দিনের মধ্যে হয়তো পুরো কথা হবে।’
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর নিজের ব্যবসাতেই মনোযোগী ছিলেন রফিক। তবে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে মাঝেমধ্যে কোচিংয়ে দেখা গেছে তাকে। সর্বশেষ বিপিএলেও রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ ছিলেন রফিক। তবে বিসিবির অধীনে কখনো কোচিংয়ে দেখা যায়নি তাকে।
এবার এক বছরের জন্য দায়িত্বে পেয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান রফিক।
বোলারদের জন্য নিজের একটা পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ থাকে, সেটাকে আগে থেকে সামলানো শিখতে হবে। আর ছেলেরা যত তাড়াতাড়ি উইকেট এবং ব্যাটসম্যানকে বুঝতে পারবে, তত ভালো করবে। চেষ্টা করব এসব জায়গায় পরামর্শ দেওয়ার।’




