নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে শাহানাজ বেগম নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহানাজ বেগম (৭০) ওই গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আবুল খালেকের স্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাতিজা আবু রায়হান সুজন বলেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। শাহানাজ বেগমের ছেলে সজিব ফোন করে তাকে দ্রুত বাড়িতে যেতে বলেন এবং জানান যে বাড়িতে অপরিচিত লোকজন ঢুকেছে।

সুজন আরও বলেন, দ্রুত বাড়িতে পৌঁছে দেখি বড় আম্মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার গলার কাছে ছুরিকাঘাত করা হয়েছে। সজিবের স্ত্রীকে আরেকটি ঘরে আটকে রাখা ছিল। পরে বড় আম্মাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ময়দানহাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় পরিচিত বা আত্মীয়দের সম্পৃক্ততা থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Related Articles

Back to top button