গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। একইসঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র দেড় মাস হলেও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে আলোচনা চলছে এবং সম্মিলিত মতামতের ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের আশা প্রকাশ করেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ঘটনা ঘটেছে, তা ফ্যাসিবাদী শাসনের অংশ। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে উত্তরণের পর এখন গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা জরুরি।
তিনি জানান, যেসব গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ঘটনার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ ক্ষেত্রে সাংবাদিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে এবং এসব অপরাধকে কোনোভাবেই তামাদি হতে দেওয়া হবে না।




