ফারিণের কাঁধে ও জ্যোতির কোমরে হাত শাকিবের, সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে নায়ক শাকিব খানের কিছু আচরণকে ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ভিডিওটিতে ফারিণকে কয়েকবার অস্বস্তিবোধ করতে এবং হাতটি সরানোর চেষ্টা করতে দেখা গেলেও, তিনি তা সরাতে পারেননি। এই দৃশ্যটি প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা ও আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়টি এখানেই শেষ নয়; ওই একই অনুষ্ঠানে ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে শাকিব খানের হাত দেওয়ার একটি মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। এই দুটি ঘটনাকে কেন্দ্র করেই মূলত সামাজিক প্ল্যাটফর্মগুলোতে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে দুই ধরনের মত দেখা যাচ্ছে। একপক্ষের মতে, একজন পেশাদার অভিনয়শিল্পীর কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং সহ-অভিনেত্রীদের জন্য বিষয়টি অস্বস্তিকর। অন্যদিকে, অন্য একটি পক্ষ বিষয়টিকে নিছক মজার বা স্বাভাবিক মুহূর্ত হিসেবে দেখছেন। অনেকে আবার শাকিব খানকে নিয়ে নানা হাস্যরসাত্মক মন্তব্যও করছেন।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি জ্যোতির্ময়ী কুণ্ডু অভিনয় করেছেন। এ ছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো শক্তিশালী কুশীলবরা।

সিনেমাটির প্রচারণামূলক এই বিশেষ প্রদর্শনীটি তার বিষয়বস্তুর চেয়েও তারকাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে বেশি আলোচনার খোরাক জুগিয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত মূল তারকা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

Related Articles

Back to top button